কল রেকর্ডের প্রতিবাদ করাকে কেন্দ্র করে সাতক্ষীরায় জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পীর ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বাপ্পীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন ঘোনা গ্রামের বকুল হায়দারের ছেলে জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পী, তার বড় ভাই রাজিব হোসেন, একই এলাকার আব্দুর রশিদের ছেলে আব্দুর রকিব, মৃত আব্দুল আহাদের ছেলে বকুল হায়দার, নজরুল ইসলামের ছেলে জাহিদ হাসান, ঝিটকি গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ছাত্রদল নেতা সালাম, রহিচপুর গ্রামের আরশাদ আলীর ছেলে তহিদুল হোসেন এবং শওকত হোসেনের ছেলে মাহামুদুল হাসান।
হাসপাতালে চিকিৎসাধীন মনজুরুল আলম বাপ্পী বলেন, শনিবার রাত ৯টার দিকে ঘোনা এলাকার ছাত্রলীগ নেতা নাজমুলের একটি কল রেকর্ড তাদের কাছে আসে। ওই কল রেকর্ডে ছাত্রদলের এক নেতা ও বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বাপ্পী বলেন, বিষয়টি জানতে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নয়ন নাজমুলের কাছে গেলে তাকে আটকে রাখা হয়। খবর পেয়ে তিনি ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, হামলাকারীরা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তাদের বেধড়ক মারধর করে। এতে তিনিসহ ১০ জন আহত হন। দৃশ্যমান আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন অপকর্ম করে বেড়ালেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয়রা জানান, শনিবার রাত ৯টার দিকে একটি কল রেকর্ডকে কেন্দ্র করে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেনকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আটকে রাখেন। এ সময় জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ ১০-১৫ জন নেতাকর্মী ঘটনাস্থলে গেলে ঘোনা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. নাজমুল হাসান ও তার বাবা লাল্টু মেম্বারের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ অর্ঘ বলেন, ফ্যাসিবাদী সরকারের কিছু লোক জেলা ছাত্রদলের সহসভাপতির ওপর হামলা চালিয়েছে। ন্যক্কারজনক এ হামলার নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
জেলা বিএনপির সদস্যসচিব জাহিদ হাসান ডাবলু বলেন, আওয়ামী লীগের কিছু নেতার নেতৃত্বে ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পীর ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সদর থানার ওসি মো. মাসুদুর রহমান বলেন, ঘটনা শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করা হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

