কুলাউড়ার কালিটি চা বাগানের শতাধিক চা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

কুলাউড়ার কালিটি চা বাগানের শতাধিক চা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
কুলাউড়ার কালিটি চা বাগানের কেটে ফেলা গাছ । ছবি: আমার দেশ

মৌলভীবাজারের কুলাউড়ার কালিটি চা বাগানের শতাধিক তিন বছর বয়েসি চা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বাগানের ২ নম্বর সেকশনে বৃহস্পতিবার গভীর রাতের কোনো এক সময় এ ঘটনাটি ঘটে। এই ঘটনার দুই মাস পূর্বে ওই বাগানের ১২ নম্বর সেকশনে আরও ৬ শতাধিক চা গাছ কেটে ফেলেছিল দুর্বৃত্তরা। এ বিষয়ে শুক্রবার বিকেলে কুলাউড়া থানায় কালিটি চা-বাগানের উপ ব্যবস্থাপক মিজানুর রশীদ মিজান বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। তিনি ১০০টি চা গাছ কেটে ফেলার বিষয় অভিযোগে উল্লেখ করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার সকালে বাগানের ২ নম্বর সেকশনে (লক্ষীপুর  মিশন স্কুলের সামনে) চা গাছ কাটার বিষয়টি শ্রমিক ও পাহারাদারের মাধ্যমে  জানতে পারেন বাগানের উপ-ব্যবস্থাপক মিজানুর রশীদ মিজান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পান।

বিজ্ঞাপন

বাগানের পাহারাদার গঙ্গারাম অলমিক ও কৃষ্ণ অলমিক জানান, বৃহস্পতিবার গভীর রাতের কোনো এক সময়ে ঘটনাটি ঘটেছে। দীর্ঘদিন থেকে পাহারাদারের দায়িত্বে আছেন তারা। তবে ওই সেকশনে আগে কোনো দিন এমন ঘটনা ঘটেনি।

কালিটি চা-বাগানের জেনারেল ম্যানেজার এএসএম জিলকার চৌধুরী জানান, চায়ের গাছগুলোকে দীর্ঘ তিন বছর লালন পালন করে বড় করা হয়েছে। এমন বর্বোরচিত ঘটনায় আমরা হতাশ। দুই দফায় চারা গাছ কর্তনের বিষয়টি আমরা পুলিশ প্রশাসনকে সঙ্গে সঙ্গে অবগত করেছি।

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না সাংবাদিকদের বলেন, বাগান কর্তৃপক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন