সারা দেশে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

সারা দেশে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু
ছবি: আমার দেশ

স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যয়ে সারা দেশে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড কার্যক্রম তৃতীয় পর্যায় পাইলটিং প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চ্যুয়ালি উদ্বোধনের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে।

বেতাগী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার বেতাগীতে স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যয়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বেতাগী উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানে বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, বরিশাল বিভাগীয় সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম এবং বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা।

বিজ্ঞাপন

ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, পুলিশ সুপার কুদরত-ই-খুদা, শাহজাহান কবির, নূরুল ইসলাম পান্না, হাফিজুর রহমান, আবু জাফর সালেহ, হারুন অর রশিদ, সোহেল হাফিজ।

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি জানান, ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম তৃতীয় পর্যায় পাইলটিং প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চ্যুয়ালি উদ্বোধনের মাধ্যমে ফ্যামিলি কার্ড পেল ৪৭৭ জন।

বুধবার বিকালে সারা দেশের ন্যায় তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের পক্ষে ভার্চ্যুয়ালি বড় পর্দায় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেন।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু এর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের এমপি ব্যারিস্টার নওশাদ জমির। পরে ৭ নম্বর দেবনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড (টটুয়াপাড়া, মানিকডোবা, হাঁটুপাড়া, সরকারপাড়া, ঝাড়বাড়ী ও মণ্ডলপাড়া) গ্রামের ৪৭৭ জন নারীর মাঝে এই ফ্যামিলি কার্ড ও গাছের চারা বিতরণ করেন।

এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, জেলা পুলিশ সুপার আবু সাইম, আব্দুল মজিদ, আদম সুফি, লাইছুর রহমান, রেজাউল করিম শাহীন ও শাহাদৎ হোসেন রনজু উপস্থিত ছিলেন।

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ত্রিশালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ৬৫৯ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকালে উপজেলার কাঁঠাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উপকারভোগীর মাঝে কার্ড বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর লিটন।

ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবীর, এনামুল হক ভুঁইয়া। স্বাগত বক্তব্য দেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান।

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।’ নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে বর্তমান সরকার ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করেছে। উক্ত কার্যক্রমের পাইলটিংয়ের তৃতীয় পর্যায়ে ১৭ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মৌলভীবাজার জেলা থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত থেকে দেশের ১৯ উপজেলায় একযোগে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়া এমপি। খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ওয়াদুদ ভূইয়া ।

তৃতীয় পর্যায়ে শুরু হওয়া কর্মসূচির দিনে রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের ৫ নম্বর লামকুপাড়া ৪৫৬ জন পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছেন। এ ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন হতদরিদ্র আনু মারমা।

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের গোপালপুর উপজেলাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ৬৩৩ জন বিত্তহীন মহিলাদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। গত বুধবার দুপুরে গোপালপুর উপজেলার সূতী ভি এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। একই সঙ্গে দেশব্যাপী এই কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয়।

গোপালপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু।

এ সময় গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড (সোনামুই) গ্রামের মোট ৬৩৩টি বিত্তহীন মহিলা পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।

এ সময় উপস্থিত ছিলেন তৌহিদুর ইসলাম, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী, সমাজসেবা অফিসার একলাছ মিয়া, সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম, কাজী লিয়াকত, সাইফুল ইসলাম তালুকদার লেলিন।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন