চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় হামলায় জড়িতদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। রোববার সকাল থেকে জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের, ‘তোমার আমার অধিকার, নিরাপদ ক্যাম্পাস’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’, ‘আমার ভাই মার খায়, প্রশাসন ঘুমায়’, ‘আমার ভাই মার খাই, প্রক্টর ঘুমায়’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এ সময় সংগঠনটির পক্ষ থেকে জড়িত স্থানীয় বাসিন্দাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে রোডম্যাপ ঘোষণা এবং ২ নম্বর ও ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সিসিটিভি ক্যামেরা ও পুলিশ বক্স স্থাপনের দাবি জানানো হয়।
জানতে চাইলে শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইসহাক ভুঁঞা বলেন, গতকাল স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর ন্যাক্করজনক হামলা চালিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, হাটহাজারী থানা পুলিশ ও সেনাবাহিনী নির্বিকার ভূমিকা পালন করেছে। ফলে আহতদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা তিন দফা দাবি জানিয়েছে এবং অবস্থান কর্মসূচি চলমান রেখেছি।
এর আগে গতকাল রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এই সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০ শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে ২০ শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজন শিক্ষার্থীর শরীরে দেশীয় অস্ত্রের আঘাত রয়েছে। তবে সকলেই আশঙ্কা মুক্ত রয়েছে বলে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



