ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর মো. ইসমাইল (৬) নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রোকন নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া সংলগ্ন খাল থেকে ইসমাইলের লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার মো. আকবর হোসেনের ছেলে।
পরিবারের ভাষ্য, গত ২০ সেপ্টেম্বর সকালে হাওলাদার মার্কেটের কাছে যাওয়ার পর ইসমাইল নিখোঁজ হয়। দুই দিন খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে খালে ভাসমান একটি বস্তা থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে বস্তার ভেতর থেকে ইসমাইলের লাশ উদ্ধার করা হয়।
ইসমাইলের চাচা সৈকত ইসলাম বাবুর অভিযোগ, মোবাইল কেনা-বেচা নিয়ে রোকনের সঙ্গে ইসমাইলের বাবার বিরোধ ছিল। এর সূত্রে ধরে ইসমাইল নিখোঁজ হওয়ার দুই দিন আগে রোকন ইসমাইলের বাবাকে হুমকি দিয়ে বলেন, ‘তোকে আমি এমন করব সারাজীবন কাঁদবি।’ এর একদিন পরই ইসমাইল নিখোঁজ হয়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রোকনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

