বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে রোববার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি ঢাকা থেকে সরাসরি কক্সবাজারের মহেশখালীতে আসবেন। সেখানে একাধিক কর্মসূচী শেষে হেলিকপ্টার যোগে চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলা সফরে যাবে।

বিজ্ঞাপন

বিশেষ করে মানবিক কর্মসূচী বাস্তবায়নের পাশাপাশি হেফাজতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে দলটির আমীরের সঙ্গেও সাক্ষাৎ করবেন। দলটির সাবেক দুই আমীর আল্লামা আহমদ শফি ও আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ আলেমদের কবর জেয়ারত করবেন। একইদিন রাতে নগরীর একটি হোটেলে দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা সভা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই কর্মসূচীতে দলের ওয়ার্ড থেকে থানা, জেলা ও মহানগর নেতারা কথা বলার সুযোগ পাবেন। তার আগমনে চট্টগ্রামের তিন উপজেলা, বড় তিনটি সাংগঠনিক ইউনিটে সাজ সাজ রব বইছে। বন্দরনগরীর অলি-গলি, সড়কে সাজসজ্জার কাজ চালাচ্ছে সিটি কর্পোরেশন। একইসাথে দলের তৃণমূল নেতাকর্মীরাও উচ্ছ্বসিত হয়ে ওঠেছেন।

তারা বলছেন, বিএনপি গণতান্ত্রিক চর্চার একটি দল। এই প্রথম কোন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান সরাসরি তৃণমূলের কর্মীদের কথা শুনবেন। এ খবরে জেলার তিন সাংগঠনিক শাখায় এখন উচ্ছ্বাস-উদ্দীপনা বিরাজ করছে। নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে নানা উদ্যোগ হাতে নিয়েছেন। অনুষ্ঠানস্থল পরিদর্শন, নিরাপত্তা জোরদারে সমন্বয়, প্রস্তুতি সভায় ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর নেতারা।

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমনের বিষয়টি নিশ্চিত করে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী মহেশখালী থেকে বাঁশখালী গিয়ে সেখানে ১০০ পরিবারকে নতুন ঘরের চাবি তুলে দেবেন এবং কয়েকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে যাবেন। পরে ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন। সেখানে হেফাজতে ইসলামীর আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরী ও দলটির নেতাদের সঙ্গে একটি মতবিনিময় করবেন।

এরপর তিনি পার্শ্ববর্তী হাটহাজারীতে ’’বড় মাদ্রাসায়’’ হেফাজতে ইসলামীর সাবেক আমীর আল্লামা আহমদ শফি (রহ:) ও জুনায়েদ বাবুনগরী (রহ:)সহ আলেমদের কবর জেয়ারত করবেন এবং জেলা পরিষদ ডাকবাংলোতে বিশ্রাম নেবেন। বিকেলে তিনি হাটহাজারীর পার্বতী স্কুল মাঠে একটি মানবিক সহায়তা ও পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে ৩০টি পরিবার পাবে নতুন ঘর। এরপর রাতে নগরের রেডিসন ব্লু হোটেলে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির তৃণমূলের সঙ্গে কথা বলবেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন জানান, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণত সরকার টীন, খাদ্য সামগ্রী সহায়তা করে। তবে আমাদের সরকার কোন লৌকিক নয় টেকসই পুনর্বাসনে বিশ্বাসী। এজন্য বিএনপির পক্ষ থেকে আমরা পরিবারগুলোকে পুরো বাড়ি বানিয়ে দেওয়া প্রকল্প হাতিয়ে নিয়েছি। বাঁশখালীতে অনেক উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হলেও হাটাহাজারীতে পৌর ও উপজেলা বিএনপির পক্ষ থেকে ৩০টি পরিবারকে ঘর উপহার দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সবসময় দলের চেয়ারপারসনের সাথে কেন্দ্রীয় নেতারা মতবিনিময় করার সুযোগ থাকে। কিন্তু প্রধানমন্ত্রী এবার উদ্যোগ নিয়েছেন তিনি সবার সাথে কথা বলবেন। একেবারে তৃণমূলের সাথে আলোচনা করবেন। তাদের কথা শুনবেন। তাদেরকে পরামর্শ দেবেন এবং নেবেন। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। দলে ও সরকারে সবসময় গণতন্ত্র চর্চা করবে বিএনপি। এটার মাধ্যমে বুঝা যায় প্রধানমন্ত্রী শুধু কথার ফুলঝুরির রাজনীতিতে বিশ্বাসী নয়। তিনি বরাবরই গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী এবং মানুষের জন্য কাজ করতে ভালোবাসেন।

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রধানমন্ত্রীর এই সফর ও আলোচনা সভা ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি সকলের সাথে আলোচনা করে দলে যেন কোন ধরণের বিভেদ না থাকে সেভাবে দিকনির্দেশনা দেবেন। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে সেরকম বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। সবার মাঝে উৎসাহ-উদ্দিপনা বিরাজ করছে। দলীয় প্রধান তথা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে তারা মুখিয়ে রয়েছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের জন্য ১৮ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের ঘর নির্মাণ শেষ করা হয়েছে। বর্তমানে চলছে সাজসজ্জার কাজ। প্রতিটি ঘরে দুটি কক্ষ রয়েছে। সঙ্গে একটি শৌচাগার থাকবে। প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে ওই উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন নির্ধারিত অনুষ্ঠানস্থলে ব্যাপক প্রস্তুতি চলছে।

একইভাবে ফটিছড়িতে হেলিপ্যাড নির্মাণ শেষ হয়েছে। বাবুনগর মাদ্রাসায়ও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এছাড়াও বাঁশখালীতে দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা সভারও কথা রয়েছে। ইতিমধ্যে প্রস্তুতি সভা করেছে উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন