নেত্রকোণার পূর্বধলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৮০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সহসভাপতিসহ যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে উপজেলার নারান্দিয়া বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। এ ঘটনায় উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোসলেম উদ্দিন ফকির বাদী হয়ে শুক্রবার রাতেই পূর্বধলা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।
মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৮০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচযয়ের আরো ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আজাহারুল ইসলাম (৩০), বিশকাকুনি ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল করিম (৪৪) এবং নারান্দিয়া ইউনিয়নের পাইলাটি গ্রামের যুবলীগকর্মী আনোয়ার হোসেন তালুকদার (২৮)।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

