ফেনীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩, আহত ৬

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩, আহত ৬

ফেনীর ফুলগাজীতে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মুরগিবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফেনী-বিলোনিয়া আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলা পরিষদ-সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী থেকে ফুলগাজীগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগিবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজন পুরুষ ও একজন নারীকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের আবুল কালামের ছেলে কাউছার (৩২) এবং ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ পাঠানগড় গ্রামের কাজী আজাদের স্ত্রী ওয়াহিদা আক্তার জুহা। জুহার পৈতৃক বাড়ি ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে। পরে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকিয়া আক্তার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত ওয়াহিদা আক্তার জুহা ও জাকিয়া আক্তার সম্পর্কে মা-মেয়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...