বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে ২০০ গজ ভেতর থেকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) তাকে আটক করে। পরে তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে যাওয়া হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমাদের বিছনাকান্দি বিওপির টহল দল সীমান্তের ২০০ গজ বাংলাদেশের ভেতর থেকে অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে আটক করেছে। বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিএসএফ সদস্যকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্তে সতর্কতা বাড়ানো হলেও বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

