লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ভারতে পাচারকালে ৬ মণ বাংলাদেশি পাট এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। ৫১ বিজিবির অধীনস্থ পানবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল গতকাল বুধবার দিবাগত রাতে সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পানবাড়ী বিওপির টহল দল হাবিলদার মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে পাটগ্রাম উপজেলার সীমান্ত পিলার ৮০৭/১০-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলসিপাড়া এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।
অভিযান দলের উপস্থিতি টের পাওয়ার আগেই কয়েকজন চোরাকারবারি অবৈধভাবে পাট ও বাইসাইকেল সীমান্ত পার করে ভারতের নেওয়ার চেষ্টা চালায়। এ সময় বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা ছয় মণ পাট ও একটি বাইসাইকেল ফেলে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মালামালগুলো উদ্ধার করে।
উদ্ধারকৃত মালামালের পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করতে কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) কর্তৃপক্ষ। এ ছাড়া সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা আরো জোরদার করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

