আরো ৪৫ জনকে পুশইন করল বিএসএফ

আরো ৪৫ জনকে পুশইন করল বিএসএফ

বাংলাদেশের তিন সীমান্ত দিয়ে আরো ৪৫ জনকে পুশইন করেছে ভারত। এর মধ্যে পঞ্চগড়ের গোলাবাড়ী সীমান্ত দিয়ে ৭ জন, ময়মনসিংহের ধোবাউড়ায় ৯, নওগাঁর ধামইরহাটে ১, মৌলভীবাজারের বড়লেখায় ১৩ এবং দিনাজপুরের অচিন্তপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশ করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় থেকে শুক্রবার ভোর পর্যন্ত তাদের পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পঞ্চগড় প্রতিনিধি জানান, সদর উপজেলায় গোলাবাড়ী সীমান্ত দিয়ে সাতজনকে পুশইন করেছে বিএসএফ। তাদের মধ্যে তিনজন নারী, দুজন পুরুষ ও দুটি শিশু। ভোরে উপজেলার অমরখানা ইউনিয়নের গোলাবাড়ী সীমান্তের মেইন পিলার ৭৪৩-এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের পুশইন করেন বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের বালাচান ক্যাম্পের সদস্যরা।

ওই সাতজন বাংলাদেশের ৫০০ গজ অভ্যন্তরে গোলাবাড়ী এলাকায় ঘোরাফেরা করলে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অমরখানা ক্যাম্পের টহল দল তাদের আটক করে। পরে সকাল ১০টার দিকে তাদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বাংলাদেশের নড়াইল ও যশোর এলাকার বাসিন্দা। তারা হলেন নড়াইলের কালিয়া উপজেলার পেরলি ইউনিয়নের জামরিল ডাঙ্গা গ্রামের আরিফুল শেখ (৩১), তার বড় ছেলে ইমরান শেখ (১১) ও ছোট ছেলে রায়হান শেখ (৭), একই এলাকার রহিমা বেগম (৩০), খাদিজা বেগম (৩৬), উপজেলার বিস্টুপুর এলাকার আল মামুন বিশ্বাস (৩০), যশোরের অভয়নগর উপজেলার জয়েরা এলাকার নাজমিন আক্তার (৪০)।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, বিজিবি পুশইন হওয়া সাতজনকে থানায় হস্তান্তর করে। বর্তমানে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে চেয়ারম্যানের হেফাজতে থাকবেন। পরিচয় নিশ্চিত হলে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সীপাড়া বিওপি কড়ইগড়া সীমান্ত দিয়ে আরো ৯ জনকে পুশইন করে বিএসএফ। এদের মাঝে দুটি শিশু রয়েছে। আটকদের মধ্যে আটজনের বাড়ি খুলনা বাগেরহাট এবং একজনের বাড়ি ধোবাউড়ার সোহাগীপাড়া গ্রামে। তিনি হলেন তামির উদ্দিন (৩৬)। তামির এক বছর আগে ভারত গিয়েছিলেন। বাকি আটজনের বাড়ি খুলনা বাগেরহাট এলাকায়। তারা সবাই আট বছর ধরে চেন্নাইয়ের বিভিন্ন স্থানে কাজ করতেন। পুশইনের বিষয়টি নিশ্চিত করে বিজিবি নেত্রকোনা ৩১ ব্যাটালিয়ানের সিইও কামরুজ্জামান বলেন, আটকদের থানায় হস্তান্তর করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ। অচিন্তপুর সীমান্তের ২৮৫ মেইন পিলার এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এবিএম জাহিদুল করিম।

অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম জানান, গভীর রাত আড়াইটার দিকে সীমান্ত ২৮৫ মেইন পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাদের নিয়ন্ত্রণাধীন বিদ্যুতের আলো বন্ধ করে দেন। বিজিবি সদস্যরা সেখানে অবস্থান করে। পরে অন্ধকারে ভারত থেকে ১৫ জনকে আসতে দেখেন তারা। এ সময় তাদের আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়। আটকদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৯ শিশু রয়েছেন।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে পুশইনের সময় আছিয়া বেগম (৫০) নামে নারীকে আটক করেছে বিজিবি।শুক্রবার দুপুরে উপজেলার জগদ্দল মাঠের মধ্যে থেকে আটক করা হয়। তিনি যশোরের ইশবপুর এলাকার রুহুল আমীনের স্ত্রী বলে জানা গেছে। তবে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ধামইরহাট থানার ওসি আবদুল মালেক।

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরো ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ। শুক্রবার ভোরে বিজিবির নিউ পাল্লাথল বিওপির টহল দল তাদের আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে ৪ পুরুষ, ৩ নারী ও ৬টি শিশু রয়েছে। এ নিয়ে বড়লেখা সীমান্ত দিয়ে ২৮৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন