যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষকদের ১৩ মাসের বেতন বকেয়া হওয়ার কারণ এবং ডারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত দাবি করা হয়েছে।
প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক (তিন দফায় শোকজপ্রাপ্ত) সৈয়দা আরিফুন নাহার বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে লিখিতভাবে এই দাবি জানিয়েছেন। শুক্রবার গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
অভিযোগে বলা হয়, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগম ২০১৯ সাল হতে ধারাবাহিকভাবে একাধিক আর্থিক অনিয়ম ও অপশাসনের মাধ্যমে প্রতিষ্ঠানের স্বাভাবিক প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে চলেছেন। এই অনিয়মের ফলে শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ ১৩ মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে, যা তাদের পরিবারসহ মানবেতর জীবনযাপনের দিকে ঠেলে দিয়েছে। শিক্ষকদের ন্যায্য পাওনা পরিশোধ না করে উন্নয়নের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাউচার তৈরির মাধ্যমে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং এখনও হচ্ছে। বেতন দাবি করলেই চাকরিচ্যুতির হুমকি প্রদান করা হয়, ফলে প্রতিষ্ঠানে ভয় ও অনিশ্চয়তা বিরাজ করছে। ২০১৯ সাল পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের কোন স্বচ্ছতা বা জবাবদিহিতা বিদ্যমান নেই। তিনি একক কর্তৃত্বে স্বৈরাচারীভাবে প্রতিষ্ঠান পরিচালনা করছেন, যা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অত্যন্ত অশোভন ও অগ্রহণযোগ্য।
সৈয়দা আরিফুন নাহার বলেন, ২০০৪ সালে নিম্ন মাধ্যমিক প্রতিষ্ঠানে মরিয়ম বেগম সহকারি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ নেন যেখানে নিম্ন মাধ্যমিক স্কুলে সহকারি প্রধান শক্ষকের কোনো পদ ছিল না। ২০২০ সালে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান এবং তখন তিনি এমপিওভুক্ত শিক্ষক ছিলেন না। ভারপ্রাপ্ত অধ্যক্ষের মেয়াদ চার মাস হলেও তিনি পাঁচ বছর যাবৎ পদে বহাল আছেন।
এসব অভিযোগ যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রতিষ্ঠানটির সুশাসন, জবাবদিহিতা ও শিক্ষকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন ওই শিক্ষক।
অভিযোগকারী শিক্ষক আরও জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অযৌক্তিকভাবে তাকে তিন দফায় শোকজ করেছেন। দুই দফায় জবাব দেয়া হলেও ২২ সেপ্টেম্বর আবার শোকজ করা হয়েছে। এতে প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী বক্তব্য রাখার অভিযোগ করা হয়েছে। ১৩ মাসের বেতন বকেয়া রেখে এভাবে শোকজের ক্ষোভ ও প্রতিবাদ জানান তিনি।
এর আগে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির নানা অনিয়মের তথ্য তুলে ধরেছিলেন এই শিক্ষক। তাকে সহ ৮ জন শিক্ষক-কর্মচারীকে বিনা অপরাধে শোকজ করা হয়েছে বলেও জানানো হয় সেখানে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


