মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন লামিয়ার শ্বশুর খোকন বেপারী এবং তার দুই ননদ রিংকি ও লিমা।
এর আগে ১৫ জুলাই লামিয়াকে তার ইতালি প্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে এবং চেতনানাশক ওষুধ খাওয়ান। পরে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় লামিয়া মারা যাযন। এ ঘটনায় ১৬ জুলাই লামিয়ার পরিবার মাদারীপুর সদর থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
পুলিশ জানায়, মাদারীপুর জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় শ্রীনদী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকশ দল সাঁড়াশি অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে গৃহবধূ লামিয়া হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় তাদের এজাহারভুক্ত আসামি করা হয়। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, আলোচিত লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

