বাবার পাশে ঘুমানো শিশু নিখোঁজ, এলাকায় আতঙ্ক

বাবার পাশে ঘুমানো শিশু নিখোঁজ, এলাকায় আতঙ্ক
ইনসেটে হারনো শিশু রাইয়ান । ছবি: আমার দেশ

পটুয়াখালীর কলাপাড়ায় বাবার পাশে ঘুমিয়ে থাকা রাইয়ান নামে ১০ মাস বয়সি এক শিশু নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা রাসেল খান ও মা রুমানা বেগমের দাবি, ঘরের ভেতর থেকে হঠাৎ উধাও হয়ে যায় তাদের সন্তান।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে রাসেল খান তার শিশুসন্তান রাইয়ানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় শিশুটির মা রুমানা বেগম ঘরের বাইরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও লেপার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ঘরে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে স্বামীকে ডাকেন তিনি। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এমনকি বাড়ির পুকুরের পানি সেচেও শিশুটির সন্ধান মেলেনি। এলাকায় মাইকিং করেও কোনো খোঁজ পাওয়া যায়নি।

তবে শিশুটি কীভাবে নিখোঁজ হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা শিশুটিকে দ্রুত খুঁজে বের করার দাবি জানিয়েছেন।

শিশুটির বাবা রাসেল খান বলেন, ‘সকাল সাড়ে ৫টার দিকে রাইয়ানকে নিয়ে খাটে ঘুমিয়ে ছিলাম। আধা ঘণ্টা পর আমার স্ত্রী এসে ছেলেকে দেখতে না পেয়ে আমাকে জিজ্ঞেস করে। এরপর প্রতিবেশীদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে খবর দিই।’

শিশুটির মা রুমানা বেগম বলেন, ‘সকাল সাড়ে ৫টার দিকে পেছনের দরজা খুলে ঘরের সামনে লেপার কাজ করছিলাম। এ সময় একটি কুকুর জোরে ডাকাডাকি করলে ছেলেটি ভয় পাবে ভেবে ঘরে যাই। কিন্তু গিয়ে দেখি, বাবার পাশে ঘুমিয়ে থাকা রাইয়ান নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি।’

প্রতিবেশী ওসমান গণি বলেন, ‘এমন ঘটনা জীবনে শুনিনি। শিশুটি নিখোঁজের খবর পেয়ে এলাকার শত শত মানুষ ছুটে এসেছেন। আমরা সবাই আতঙ্কিত। সুষ্ঠু তদন্তের মাধ্যমে শিশুটিকে ফিরে পেতে চাই। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানাই।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশু নিখোঁজের ঘটনাটি তদন্তাধীন রয়েছে।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন