বিএনপি কর্মী গ্রেপ্তার

মহেশপুরে নারীদের শ্লীলতাহানির প্রতিবাদে মহিলা সমাবেশ

মহেশপুরে নারীদের শ্লীলতাহানির প্রতিবাদে মহিলা সমাবেশ

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে হামলা চালিয়ে নারীদের শ্লীলতাহানির প্রতিবাদে সমাবেশ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার মহেশপুর ডিগ্রি কলেজ মাঠে জড়ো হয়েছিলেন হাজারো নারী। এ সময় অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান উপজেলা মহিলা জামায়াতের নেতারা।

সমাবেশে উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও খুলনা অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ডা. আলমগীর বিশ্বাস, জেলা আমির আলী আজম মোহাম্মদ আবু বকর প্রমুখ।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল আওয়াল, নায়েবে আমির অধ্যাপক মতিয়ার রহমান, সহকারী সেক্রেটারি আবদুল হাই, সাবেক নাটিমা ইউপি চেয়ারম্যান ফরিক আহম্মেদ, উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ ও নারী নেত্রীরা।

সমাবেশ থেকে জামায়াতের নারীদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে দ্রুত আসামিদের আইনের আওতায় আনারও দাবি জানানো হয়। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতাকর্মীরা।

এর আগে গত ৯ মার্চ উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ভৈরবা কুল্লোপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জামায়াতের নারী কর্মীদের আলোচনা সভায় হাতুড়ি, কাঁচি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান বিএনপির নেতাকর্মীরা। এ সময় নারী কর্মীদের মারধর ও শ্লীলতাহানি করা হয়। ঘটনার দিন জামায়াতকর্মী হাসিনা খাতুন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের ১৫-২০ জনের নামে মামলা করেন। ওই দিন দুপুরে সংবাদ সম্মেলন করেন উপজেলা জামায়াত নেতাকর্মীরা। একই ঘটনায় পরদিন বেলা ৩টায় ভৈরবা বাজারে প্রতিবাদ সভা করে জামায়াত।

এদিকে মঙ্গলবার ভোরে হামলার ঘটনায় করা মামলার চার নম্বর আসামি সোহেল রানাকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত সোহেল উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ভৈরবা গ্রামের আবদুল কাদেরের ছেলে। তিনি বিএনপির কর্মী বলে জানা গেছে। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ঝুমুর আলীর অনুসারী। ঝুমুরও এজারের দুই নম্বর আসামি।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, জামায়াতের নারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন