আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধর্ষকদের শেকড়সহ উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী

আমার দেশ অনলাইন

ধর্ষকদের শেকড়সহ উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী

আইন-বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, বর্তমান সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর। আদালতের রায় ঠিক না বেঠিক সেটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। মানবতাবিরোধী বিচার প্রক্রিয়া চলমান থাকবে। আইন তার নিজস্ব গতিতেই চলবে।

শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতারা।

বিজ্ঞাপন

আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় এই সরকার বদ্ধপরিকর উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর তাদের যদি কেউ আশ্রয়-প্রশ্রয় দেয় তবে তাদের শেকড় উপড়ে ফেলা হবে।

মামলা জট সম্পর্কে আইনমন্ত্রী বলেন, আমরা ক্ষমতা পেয়েছি গত এক সপ্তাহ আগে। সঠিক সময়ে সবই জানতে পারবেন। যথাসময়ে সাংবিধানিকভাবে যতগুলো অধ্যাদেশ দেওয়া হয়েছে তার প্রত্যেকটি অধ্যাদেশ বিল আকারে পেশ করব। প্রথম অধিবেশনের প্রথম দিনে ১৩৩টি অধ্যাদেশ আছে। ১৩৩টি অধ্যাদেশই পেশ করব।

সরকারি দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সরকারিভাবে যেটা বরাদ্দ হবে, সেটা জনগণের জন্য দেওয়া হয়। প্রতিটি পয়সা খরচ হবে সঠিক জায়গায়, এটা নিশ্চিত করতে হবে। যদি কেউ দুর্নীতির আশ্রয় নেয়, তবে তার শুধু চাকরিই যাবে না, তার বিরুদ্ধে মামলাও হবে।

তিনি আরো বলেন, মাদকের ব্যাপারে সরকার জিরো টলারেন্স। সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, হানাহানি, মারামারি সবক্ষেত্রে নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আমরা নির্দেশ দিয়েছি। কারণ গুটিকয়েক মানুষের জন্য সরকারের সব ভালো কাজের ভাবমূর্তি নষ্ট হতে পারে না। আমি সমগ্র বাংলাদেশের মতো ঝিনাইদহ জেলাকে লেভেল প্লেয়িং ফিল্ডের জায়গায় রাখব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন