মাওলানা ভাসানীর স্মৃতি বিজড়িত কুড়িগ্রামেই আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গ-সংগঠন জাতীয় কৃষক শক্তি। বৃহস্পতিবার বিকালে কুড়িগ্রাম সদরের টগরাই হাট হাইস্কুলে এক কৃষক সমাবেশের মধ্য দিয়ে এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক সাঈদ উজ্জ্বল ও সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম।
কৃষক সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জাতীয় কৃষক শক্তির আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। এ সময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ জাকি ও আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মজিবুর রহমান খোকন ও রাকিবুল হাসান রানা এবং মুখ্য সংগঠক হিসেবে নফিউল ইসলামের নাম ঘোষণা করা হয়।
কৃষক শক্তির আত্মপ্রকাশ প্রসঙ্গে গোলাম মর্তুজা সেলিম বলেন, বাংলাদেশের কৃষকই দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। কৃষকের ঘামে দেশের মানুষ তিনবেলা আহার পায়, অথচ সেই কৃষক আজও ন্যায্য মূল্য, উৎপাদন উপকরণের সহজলভ্যতা এবং রাষ্ট্রীয় সহায়তা থেকে বঞ্চিত। এই বাস্তবতা পরিবর্তনের দাবিতেই জাতীয় কৃষক শক্তি কাজ করে যাবে।
তিনি আরো বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কৃষক করুণার পাত্র নয়, রাষ্ট্রের নীতিনির্ধারক; ক্ষমতার অংশীদার; মানুষের অধিকার, জাতীয় সম্পর্ক এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার ভিত্তি হিসেবে কাজ করবে।
এর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এমপি বলেন, 'বিরোধীদলীয় বেশির ভাগ এমপি উত্তরাঞ্চলের। পরিকল্পিতভাবে এই উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। বড় কোনো উন্নয়ন পরিকল্পনা রংপুর-কুড়িগ্রামে নেওয়া হয় নাই। সেই একই বৈষম্য আমরা দেখতে পারছি। প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফর করেছেন কিন্তু কোনো অর্জন নিয়ে আসতে পারেন নাই।'
প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন-এমপি বলেন, 'এখন পর্যন্ত আমরা কৃষকদের নিয়ে সম্মিলিতভাবে ভাবতে পারি নাই। আমাদের কৃষকেরা এখনো নিজেদের মতো প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ করেন। যখন তারা পণ্য বিক্রি করতে যান তখন বৈষম্যের স্বীকার হন, অধিকাংশ সময় তারা ন্যায্য মূল্য পাননা। এই কৃষকদের সমস্যা থেকে উত্তরণের জন্য জাতীয় কৃষক শক্তি কাজ করবে।'
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের সভাপতিত্বে আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সদস্য সচিব মাসুম মিয়া,
ন্যাশনাল ওলামা এ্যালায়েন্সের জেলা আহ্বায়ক মাওলানা দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, কৃষক শক্তির আহ্বায়ক শাহজাহান আলী সুমন, স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক তাজুল ইসলাম, যুব শক্তির আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ সাগর, ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান প্রমুখ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

