শরীয়তপুরের ভেদরগঞ্জ ছাত্রদলের সংঘর্ষে আহত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

শরীয়তপুরের ভেদরগঞ্জ ছাত্রদলের সংঘর্ষে আহত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

শরীয়তপুরের ভেদরগঞ্জে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত মাদ্রাসা শিক্ষার্থী ফারদিন আহমেদ ইয়াসিন মৃধা (১৪) মারা গেছে।

শুক্রবার রাজধানীর কাকরাইলের অরোরা স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়েছে। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের চাচা সিদ্দিক মৃধা। এর আগে গত ৫ জুন ছাত্রদলের সংঘর্ষে আহত হয় সে।

বিজ্ঞাপন

নিহত ইয়াসিন ভেদরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হানিফ মৃধার ছেলে ও স্থানীয় গৈড্যা এমএস ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জের ধরে গত ৫ জুন সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ছাত্রদলের একটি পক্ষ রামদা নিয়ে অন্য পক্ষের কর্মীদের উপর হামলা চালায়। দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে লাঠি, রড ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এ সময় ভেদরগঞ্জ থানার এসআই হাকিম, কনস্টেবল জাহিদ, ছাত্রদল নেতা পন্নী কাজি, এনাম, সোহান, লিখন বেপারী, মবিন ও ইয়াসিনসহ অন্তত ১০ জন আহত হন।

আহত ইয়াসিনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার অরোরা স্পেলাইজড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আটদিন পর শুক্রবার সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতের চাচা সিদ্দিক মৃধা বলেন, ‘ইয়াসিন মাদ্রাসায় পড়াশোনা করত। রাজনীতির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না। যারা পরিকল্পিতভাবে ইয়াসিনকে হত্যা করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। আমরা ন্যায়বিচার চাই।’

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান বলেন, ‘ইয়াসিন মৃধা দশম শ্রেণির শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মী। সে ৫ জুনের পর থেকে আমাদের মিছিল মিটিংয়ে অংশ নিত। তার মৃত্যুতে আমরা শোকাহত। তবে যারা ইয়াসিনের ওপর হামলা করেছে তারা আমাদের ছাত্রদলের কোনো কর্মী না। তারা ছাত্রলীগ-যুবলীগের ক্যাডারদের নিয়ে নৈরাজ্য করছে। অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে আমরা কেন্দ্রে জানিয়েছি।’

ভেদরগঞ্জ থানার ওসি পারভেজ আহম্মেদ সেলিম বলেন, ঈদের আগে গত ৫ জুন ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল ইয়াসিন। শুক্রবার তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে সংঘর্ষে জড়িতদের রিবুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন