বিএনপি নেতার মহতী উদ্যোগে বদলে গেছে মির্জাপুরের ৬২ গ্রামীণ সড়ক

বিএনপি নেতার মহতী উদ্যোগে বদলে গেছে মির্জাপুরের ৬২ গ্রামীণ সড়ক
ছবি: আমার দেশ

জনপ্রতিনিধি নন, তবুও মানুষের দুর্ভোগ লাঘবে টানা তিন বছর ধরে নিজের অর্থে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের ২০ গ্রামের ৬২টি গ্রামীণ সড়ক সংস্কার করছেন বিএনপি নেতা আব্দুস ছাত্তার সিকদার। তিন শতাধিক মাহিন্দ্র ট্রাকে করে ভাঙা ইট ফেলে চলাচলের উপযোগী করেছেন এসব জরাজীর্ণ সড়ক, যার বাজারমূল্য ২৫ থেকে ৩০ লাখ টাকা। তার এমন উদ্যোগে বদলে গেছে গ্রামীণ জনপদের যোগাযোগব্যবস্থা।

জানা গেছে, কাদামাটির পথ, খানাখন্দ আর বৃষ্টির পানিতে তলিয়ে থাকা সড়কে চলাচল করতে দুর্ভোগের শিকার হন গ্রামবাসী । অসুস্থ রোগী কিংবা গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে বেড়ে যেত ভোগান্তি। অনেক সময় যানবাহন পর্যন্ত ঢুকতে পারত না গ্রামে। জনপ্রতিনিধি না হয়েও মানুষের দুর্ভোগ নিরসনে এগিয়ে আসেন বিএনপি নেতা আব্দুস ছাত্তার সিকদার। গত তিন বছরে মির্জাপুর উপজেলার ৯ নম্বর বহুরিয়া ইউনিয়নের ২০ গ্রামের ৬২টি সড়কে নিজের অর্থে ভাঙা ইট ফেলে সংস্কার করেছেন তিনি। এসব কাজে ব্যবহার হয়েছে তিন শতাধিক মাহিন্দ্র ট্রাক ইট, যার বাজারমূল্য ২৫ থেকে ৩০ লাখ টাকা। এটি কোনো সরকারি প্রকল্প নয়, নেই কোনো সংগঠনের অর্থায়ন। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করেই ব্যক্তিগত উদ্যোগে এসব কাজ করে যাচ্ছেন তিনি। বর্ষায় কোনো রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়লে স্থানীয়রা তাকে খবর দেন। খবর পেলেই তার ইটভাটা থেকে পাঠিয়ে দেওয়া হয় ইটের গাড়ি। ইটভাটায়ও ভাঙা ইট রাখা হয়েছে মানুষের প্রয়োজনে যেকোনো সময় রাস্তায় ফেলার জন্য।

বিজ্ঞাপন

দিঘুলিয়া গ্রামের খলিলুর রহমান বলেন, সরকারি বরাদ্দ থাকলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এমন বাস্তবতায় জনপ্রতিনিধি না হয়েও নিজের অর্থ ব্যয়ে মানুষের পাশে দাঁড়ানোয় এই বিএনপি নেতা হয়ে উঠেছেন এলাকার জনপ্রিয় একজন মানুষ। শুধু রাস্তা সংস্কারই নয়, এলাকার মানুষের বিপদ-আপদেও সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ হোসাইন বলেন, দক্ষিণ মির্জাপুরে বিশেষ করে বহুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ আমলে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। যা বরাদ্দ এসেছে তা লুটপাট করে ভাগ-বাঁটোয়ারা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা পকেট ভারী করেছেন। ছাত্তার নিজস্ব অর্থায়নে এলাকায় ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন।

মির্জাপুর উপজেলা বিএনপির কার্যকরী সদস্য আব্দুস ছাত্তার সিকদার জানান, নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব মানুষের পাশে থাকার চেষ্টা করি। তিন বছর ধরে এভাবেই কাজ করছি। সামনে স্থানীয় সরকার নির্বাচনে এলাকার মানুষ চাইলে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা আছে তার। তবে নির্বাচিত হতে না পারলেও মানুষের সেবা করবেন বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...