আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ঘোষিত প্রার্থীরা হলেন- কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে আলহাজ হারিসুল বারী রনি, কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে অধ্যক্ষ মাওলানা মো. নূর বখত, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ডা. মো. আক্কাস আলী সরকার, কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে সহকারী অধ্যাপক হাফিজুর রহমান।
শনিবার (২১ জুন) সন্ধ্যায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।
প্রার্থীদের হাতে দলীয় প্রতীক হাতপাখা তুলে দিয়ে তাদের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি।
এ সময় নায়েবে আমির ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের কথার সাথে মার্কা ও কাজের মিল নেই। এই দল ক্ষমতায় এলে দেশের মানুষ শান্তিতে থাকবে। কেননা ইসলামী আন্দোলন এমন পরিবেশ তৈরি করবে, যেখানে কেউ অবৈধ কোনো কিছু করার সাহস পাবে না। সবার মধ্যে দেশ ও জাতির জন্য ভালো কিছু করার ইচ্ছা তৈরি হবে।
তিনি উপস্থিত সবার কাছে হাতপাখা প্রতীকে ভোট ও সহযোগিতা কামনা করেন।
সমাবেশে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও জামায়াতে ইসলামীসহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

