দেশের মালিকানা ফিরে পেতে অধীর আগ্রহ নিয়ে আছেন জনগণ। বিগত ১৫ বছর ধরে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে যুদ্ধ করেছে বিএনপি। ৫ আগস্ট বিপ্লব তার ফসল। আর গণতন্ত্রের বাহন হচ্ছে নির্বাচন। নির্বাচিত সরকারের রাষ্ট্র পরিচালনায় দায়বদ্ধ ও জবাবদিহিতা থাকে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদল আয়োজিত ১ লা মে দিবস উপলক্ষ্যে শ্রমিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা গণতন্ত্র ও নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে তাদের প্রতি বাংলাদেশের মানুষের বক্তব্য একেবারে পরিষ্কার। ক্ষমতা এতো মজা, তাই তারা নির্বাচনের তারিখ দিচ্ছে না। মজা আর বেশিদিন থাকবেনা।
আমীর খসরু আরো বলেন, রাখাইনে করিডোর দেয়ার কথা যারা বলছেন, তারা বুঝে বলছে, নাকি না বুঝে বলছে সেটা জনগণ জানতে চায়। বুঝে বললে এর জন্য জবাব দিতে হবে। করিডোর দিয়ে জাতিকে যুদ্ধের সামনে দাড় করানোর পাঁয়তারা চলছে কিনা সেদিকে নজর রাখার জন্য জনগণকে আহ্বান জানান তিনি। ভবিষ্যতের নির্বাচিত সরকার সংসদে এই বিষয়ে আলোচনা করবে।
সাবেক এই মন্ত্রী বলেন, দেশে এখন নির্বাচিত সরকার নেই। ফলে শ্রমিকদের ন্যায্য পাওনা, পারিশ্রমিক ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেউ নিচ্ছে না। মালিক ও প্রশাসনের একচেটিয়া অবস্থানে শ্রমিকেরা নানাভাবে নিপীড়নের শিকার হচ্ছেন। তাই সবাইকে এগিয়ে এসে শ্রমিকদের ন্যায্য দাবিতে সহায়তা করতে হবে।
শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিমুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক নগর বিএনপির সভাপতি ও মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম বক্কর, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গোলাম আকবর খোন্দকার, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও নগর কৃষকদলের আহ্বায়ক মো. আলমগীর প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

