গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা।
বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলকুড়ি ইউনিয়নের কাঠগিরি গ্রামের আনোয়ার হোসেন ও তার স্ত্রী শারমিন আক্তার। তারা ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন এবং ঈদের ছুটিতে গ্রামের বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের চাঁপড়ীগঞ্জ এলাকায় রাবারের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি উল্টে গেলে তারা সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী চাঁপড়ীগঞ্জ থেকে ফাঁসিতলা পর্যন্ত মহাসড়কে ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে। তারা ১ কিলোমিটার দীর্ঘ রাবার রোড ডিভাইডার তুলে নেওয়ার দাবি জানান। খবর পেয়ে সেনাবাহিনী, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ডিভাইডার অপসারণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, মরদেহ দুটি হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

