সাতক্ষীরায় বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের

সাতক্ষীরায় বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের
জাকারিয়া খান

সাতক্ষীরায় চায়ের দোকানদারের সঙ্গে বখাটে ও সন্ত্রাসীদের বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ অফিস মোড়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত জাকারিয়া খান শহরের কাটিয়া এলাকার ব্যবসায়ী ও রুচিরা বেকারির মালিক আব্দুল গফুর খানের ছেলে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলপ্রার্থী ছিলেন।

নিহতের ফুফাতো ভাই ও সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন জানান, শুক্রবার সন্ধ্যায় প্রাণিসম্পদ অফিস মোড়ে নবঘোষিত যুবদল ও ছাত্রদলের পরিচিতি সভা ছিল। রাত ১০টার দিকে সভা শেষ হয়। সভা শেষে জাকারিয়া পশু হাসপাতাল গেটের সামনে কয়েকজনের সঙ্গে চা পান করছিলেন। ওই সময় এক দল বখাটে ও সন্ত্রাসী চায়ের দোকানদারের সঙ্গে কথা-কাটাকাটিতে লিপ্ত হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকারিয়া চায়ের দোকানদারকে রক্ষা করতে এবং মারামারি ঠেকাতে এগিয়ে যান। এ সময় সন্ত্রাসীদের মধ্য থেকে একজন ধারালো ছুরি দিয়ে জাকারিয়ার বুক ও পেটে একাধিক আঘাত করলে তিনি রক্তাত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে জাকারিয়ার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) মো. শাহীদুর রহমান জানান, লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে দুর্ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ পুলিশের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন