জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মস্তকবিহীন লাশ উদ্ধার

জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মস্তকবিহীন লাশ উদ্ধার
ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গার জীবননগরে এক মাস ধরে নিখোঁজ থাকার পর চান মিঞা (৫৫) ওরফে চান্দ আলী নামে এক ভ্যানচালকের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের অদূরে কোটচাঁদপুর সড়কের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত চান্দ আলী জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের বালিগর্ত পাড়ার মৃত জোনাব আলীর ছেলে।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানান, গত মাসে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন চান্দ আলী। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকে তার ভ্যানটিরও কোনো হদিস মেলেনি।

পুলিশ জানায়, সোমবার সকালে স্থানীয় লোকজন সড়কের পাশে একটি মস্তকবিহীন পচাগলা দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরনের পোশাক ও অন্যান্য আলামত দেখে স্বজনেরা ওই লাশ চান্দ আলীর বলে শনাক্ত করেন।

ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

জীবননগর থানার ওসি সোলাইমান শেখ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না এবং ভ্যান ছিনতাই নাকি অন্য কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন