বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন মামুন খন্দকার। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিদায়ী জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট খায়রুল আলম সুমনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মামুন খন্দকার ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন তিনি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, খায়রুল আলম সুমনকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
উল্লেখ, ২০২৫ সালের নভেম্বরে বরিশালের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন খায়রুল আলম সুমন। তার সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসে। বরিশালের হিজলা-মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলায় অতিরিক্ত অস্থায়ী ভোটকক্ষ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র দেখিয়ে ৬২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এ নিয়ে আমার দেশ-এ একাধিক সংবাদ প্রকাশ হয়। এছাড়া বিভিন্ন খাতে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগও রয়েছে।
এদিকে নতুন জেলা প্রশাসক মামুন খন্দকারের দায়িত্ব গ্রহণকে ঘিরে বরিশালের প্রশাসনিক মহলে নতুন আশার সৃষ্টি হয়েছে। সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সচেতন নাগরিক, সেবাপ্রত্যাশী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

