কালকিনিতে বৃদ্ধকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কালকিনি, ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

কালকিনিতে বৃদ্ধকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ছবি: আমার দেশ

মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নিহত হন বৃদ্ধ মো. এছাহাক সরদার (৭৫)। হত্যা মামলার প্রধান আসামি তুহিন মোল্লাকে (২৫) পলাতক অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া তুহিন মোল্লা পৌর এলাকার উত্তর জনারদন্দী গ্রামের জালাল মোল্লার ছেলে।

গ্রেপ্তার শেষে তাকে রোববার দুপুরে মাদারীপুর জেলহাজতে পাঠায় পুলিশ।

বিজ্ঞাপন

মামলা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পৌরসভার উত্তর জনারদন্দী গ্রামের নশাই সরদারের ছেলে এছাহাকের সঙ্গে একই এলাকার ঝালু মোল্লার দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। গত ২২ আগস্ট রাতে এছাহাক মোল্লা একা বাড়ির পাশের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে ওত পেতে থাকা ঝালু মোল্লার নেতৃত্বে তুহিন মোল্লা, পারভেজ মোল্লা, রবিউল মোল্লা, লিমন মোল্লাসহ বেশ কয়েকজন মিলে এছাহাকের পথ রোধ করে। এরপর তারা অতর্কিতভাবে এছাহাক সরদারকে কুপিয়ে জখম করে দুই পায়ের রগ কেটে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে গত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, এছাহাক হত্যা মামলার প্রধান আসামি তুহিন মোল্লাকে পলাতক অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন