রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক, পুলিশে সোপর্দ

প্রতিনিধি, রাবি

রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক, পুলিশে সোপর্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড এলাকা থেকে তাকে আটক করে একদল শিক্ষার্থী।

আটককৃত ব্যক্তির নাম সোলাইমান। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শহীদ হবিবুর রহমান হল শাখার ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানায়।

বিজ্ঞাপন

প্রক্টর দপ্তর ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, জুলাই গণআন্দোলনের সময় মাদার বখস হলের কিছু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া অস্ত্রের মুখে জিম্মি করে সারারাত নির্যাতনের অভিযোগও উঠেছে।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, ক্লাস শেষে কয়েকজন শিক্ষার্থী প্যারিস রোড দিয়ে যাওয়ার সময় তারা অতীতে জুলাই আন্দোলনের সময় নির্যাতনের অভিযোগ থাকা এক ছাত্রলীগ নেতাকে দেখতে পান। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার মোবাইলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। এরপর তাকে প্রক্টর দপ্তরে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, “আটককৃত ছাত্রলীগ নেতা জুলাই আন্দোলনের সময় এক শিক্ষার্থীর মাথায় পিস্তল ঠেকিয়েছিল বলে অভিযোগ রয়েছে। আজ শিক্ষার্থীরা তাকে ধরে প্রক্টর দপ্তরে নিয়ে আসে। তার মোবাইল থেকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

তিনি আরও জানান, বিষয়টি এখন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে রয়েছে এবং পরবর্তী ব্যবস্থা প্রশাসন গ্রহণ করবে।

এ বিষয়ে মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, “সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি। কিছুদিন আগে শাহ মখদুম এলাকায় একটি মিছিলে তার উপস্থিতির অভিযোগ রয়েছে। সে মামলার আসামি। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন