রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলীকে মারধরের অভিযোগ উঠেছে। রোববার রাতে স্টেশনের গেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত আইয়ুবকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশন ঘেরাও করেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, স্টেশনে ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে দায়িত্বে থাকা আনসার সদস্যদের কথা-কাটাকাটি চলছিল। এ সময় পরিস্থিতি থামাতে এগিয়ে গেলে আইয়ুবকে মারধর করেন রেলের নিরাপত্তারক্ষী, টিটি ও গার্ডরা।
আইয়ুবের সহপাঠী নাইমুল ইসলাম অভ্র বলেন, মারধরের পর আইয়ুব মাটিতে পড়ে যান। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রয়েছেন এবং কয়েকবার বমি ও নাক দিয়ে রক্তপাত হয়েছে বলে জানান তিনি।
এদিকে আহত শিক্ষার্থীকে দেখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। রেলের কর্মচারীরা তাকে অত্যন্ত নির্মমভাবে মারধর করেছেন। আমি নিউরোসার্জনের সঙ্গে কথা বলেছি। তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি।
তিনি আরও বলেন, তার চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি রেলের নিরাপত্তারক্ষী, টিটি ও গার্ডসহ সংশ্লিষ্টদের এমন আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে অনুরোধ জানিয়েছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

