চাঁদপুরের ফরিদগঞ্জে পথচারী ও দুই সন্তানের জননী এক গৃহবধূ (২৮)কে সুপারি বাগানে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে আকরাম হোসেন (৩০) নামে এক লম্পট যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ এপ্রিল) রাতে উপজেলার বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আকরাম হোসেন একই উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে। এর আগে গত বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বাসিন্দা ওই ভুক্তভোগী স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে দলবদ্ধ বখাটেদের হাতে ধর্ষণের শিকার হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী জীবিকার তাগিদে চাঁদপুরে অবস্থান করছেন। ঘটনার দিন বিকেলে ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাচ্ছিলেন। পথে মো. আকরাম হোসেনসহ একটি দল গৃহবধূর মুখে চাপ দিয়ে ধরে সড়কের পাশে একটি সুপারি বাগানে নিয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। এতে গৃহবধূ প্রথমে ডাকচিৎকার দিলেও পরবর্তীকালে অচেতন হয়ে যান। পরে স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ধর্ষণের শিকারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। পরে গৃহবধূ থানায় এসে অভিযোগ দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, ভুক্তভোগী গৃহবধূ ও অভিযুক্তরা চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বাসিন্দা। ঘটনাটির অভিযোগ পেয়ে প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে মামলা হিসেবে রুজু করে প্রধান অভিযুক্ত মো. আকরাম হোসেনকে গ্রেপ্তার করে সোমবার (৬ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

