দুর্যোগ ঝুঁকি হ্রাসে বিশেষ অবদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা

দুর্যোগ ঝুঁকি হ্রাসে বিশেষ অবদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে দুর্যোগের ঝুঁকি হ্রাস কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ডেপুটি টিম লিডার উম্মে হাবিবা আক্তার চৌধুরী।

বিজ্ঞাপন

মঙ্গলবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে সম্মাননা মেডেল ও নগদ অনুদান তুলে দেওয়া হয়।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার বক্তব্যে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগসহনশীল অবকাঠামো গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পরিচালকসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিপিপির দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবীরা।

জানা গেছে, উম্মে হাবিবা আক্তার চৌধুরী ১৯৯২ সাল থেকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি মাঠ পর্যায়ে দুর্যোগকালীন প্রস্তুতি, স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ প্রদান এবং দুর্যোগের ঝুঁকি হ্রাসে বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন। এসব কার্যক্রমে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে মিরসরাই উপজেলা থেকে জাতীয় পর্যায়ের এই সম্মাননার জন্য মনোনীত করা হয়।

ব্যক্তিগত জীবনে উম্মে হাবিবা আক্তার চৌধুরী মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের সাবেক সেক্রেটারি আবদুল আউয়াল চৌধুরীর সহধর্মিণী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন