খুলশীতে অনলাইন প্রতারণা

সেই ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

সেই ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে
ছবি: আমার দেশ

চট্টগ্রাম নগরীর খুলশীতে অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ও তাদের সহযোগী বাংলাদেশি মোহাম্মদ মহসিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর আদালতে রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির এসি প্রসিকিউশন আরিফ ইকবাল।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৬৩ বিদেশি নাগরিক ও বাংলাদেশি মোহাম্মদ মহসিনসহ প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন। মঙ্গলবার ছিল ওই আবেদনের শুনানির দিন। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর খুলশী থানার কৃষ্ণচূড়া/জালালাবাদ আবাসিক এলাকার একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে লাওস, পাকিস্তান, চীন, নেপাল ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। গ্রেপ্তারের সময় তাদের কারও কাছে বৈধ পাসপোর্ট বা প্রয়োজনীয় কাগজপত্র ছিল না।

অভিযানে তাদের কাছ থেকে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে পুলিশ। পুলিশ জানায়, এসব ডিভাইস ব্যবহার করে অনলাইন প্রতারণার কার্যক্রম পরিচালনা করছিল তারা।

এ ঘটনায় ভবনটি ভাড়া নেওয়া এবং বিদেশি নাগরিকদের পাসপোর্ট নিজের কাছে রাখার অভিযোগে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ মহসিনকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইনে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত। জব্দ করা মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের তথ্য যাচাই, অর্থ লেনদেনের তথ্য এবং চক্রটির সঙ্গে স্থানীয় ও বিদেশি সহযোগীদের সম্পৃক্ততা সম্পর্কে জানতে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে তাদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন