চট্টগ্রামের বন্দর থানার দুমপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি আসাদুল (৫০)। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায়। অপর নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় দুজনই একটি মোটরসাইকেলে ছিলেন। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি আরও বলেন, অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

