কুষ্টিয়ার খোকসায় বেপরোয়া গতির ড্রাম ট্রাকের ধাক্কায় করিমনের এক চালক নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্না (১৯) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মোতালেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টার দিকে করিমনচালক মুন্না তাঁর যানবাহনটি নিয়ে রাজবাড়ীর উদ্দেশে যাচ্ছিলেন। পথে বিলজানি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়া অভিমুখী একটি দ্রুতগতির ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান করিমনচালক মুন্না।
দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে খোকসা থানার ওসি মোশারফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করেছে। ড্রাম ট্রাকটি জব্দ করা হলেও চালক কৌশলে পালিয়ে গেছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

