আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর প্রার্থীর বিশাল শোডাউন

উপজেলা প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর প্রার্থীর বিশাল শোডাউন

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের পদপ্রার্থী সালাউদ্দিন আইউবীর সমর্থনে এক বিশাল শোডাউন ও নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের মিছিলে পুরো এলাকা লোকে-লোকারণ্য হয়ে ওঠে। সকাল সাড়ে ১০টা বাজার আগেই উপজেলার শীতলক্ষ্যার উপর নির্মিত 'ফকির মজনু শাহ সেতু'র পশ্চিম প্রান্ত ঢাকা-কাপাসিয়া সড়ক জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের পদভারে পূর্ণ হয়ে যায়।

বিজ্ঞাপন

কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা'র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইউবী। তিনি তার বক্তব্যে এলাকার উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শেফাউল হক।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের যুগ্ম সম্পাদক আবুল ফাত্তাহ। বিশাল এই জমায়েত ঘিরে যেন কোনো ধরণের বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য সংগঠনের পক্ষ থেকে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী তৎপর ছিল। স্থানীয় সাধারণ মানুষের মাঝেও এই শোডাউন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন