সব ধর্মের মানুষের মিলেমিশে বসবাসের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

সব ধর্মের মানুষের মিলেমিশে বসবাসের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

কোনো অপশক্তি যেন সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে প্রশাসন, জনপ্রতিনিধি, পূজামণ্ডপ পরিচালনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১৭টি পূজামণ্ডপে সরকারি জিআরের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেবীগঞ্জে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ যেন মিলেমিশে বসবাস করতে পারেন, সেই পরিবেশ বজায় রাখতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সেজন্য সবাইকে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দেন তিনি।

পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, কোনো দুষ্কৃতকারী যাতে প্রতিমা ভাঙচুর বা পূজামণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করা সহজ হবে।

বিগত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমর্থনের কথা উল্লেখ করে ফরহাদ হোসেন আজাদ জানান, ওই নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষ তাঁকে ভোট দিয়ে জয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ জন্য তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, সাংগঠনিক সম্পাদক ডা. নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম ও সাবেক ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকারসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন