আমার দেশ-এর প্রতিনিধির পা কেটে নেওয়ার হুমকি

আমার দেশ-এর প্রতিনিধির পা কেটে নেওয়ার হুমকি
আমার দেশ-এর প্রতিনিধিকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন। ছবি: আমার দেশ

সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আমার দেশ-এর প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলা ও তার ছেলে ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানকে তুলে নিয়ে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মা শাপলা আহমেদ। এ সময় তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি জানিয়ে পরিবারের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের হস্তক্ষেপ কামনা করেছেন। সোমবার দুপুরের দিকে সিরাজগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শাপলা আহমেদ অভিযোগ করে বলেন, গত রোববার রাতে ফোন দিয়ে তার ছেলে শাফিন আহম্মেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু। একই সঙ্গে তাকে উদ্দেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও তার স্বামী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি দেন। যা একজন মা, স্ত্রী ও নারী হিসেবে তার সম্মানহানির শামিল বলে দাবি করেন তিনি। একই সঙ্গে দাবি আদায় না হলে মঙ্গলবার সকাল ১০টা থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন।

এর আগে গত ১৪ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পরিবারের নিরাপত্তা চেয়ে আবেদন করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। পাশাপাশি জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ করা জয়। উল্লেখ্য, গত ২৯ মে আমার দেশ-এ ‘শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ নেতার মাংস বিতরণ’ ও ৯ জুন ‘আওয়ামী লীগ নেতার ডকইয়ার্ড নির্মাণে হুমকির মুখে শহর রক্ষা বাঁধ’ শিরোনামে দুটি রিপোর্ট প্রকাশিত হয়। এর পর থেকে আমার দেশ প্রতিনিধির ওপর ক্ষুব্ধ হয় স্বেচ্ছাসেবক দল নেতা ছানোয়ার হোসেন সানু।

বিজ্ঞাপন

এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিরাজগঞ্জ পৌর শহরের ১০ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সাত্তার বালু ব্যবসায়ী। হাসিনা সরকারের পতনের পর বালু ব্যবসা মিলে মিশে করছে স্বেচ্ছাসেবক দলের নেতা ছানোয়ার হোসেন সানু ও আওয়ামী লীগ নেতা সাত্তার। সাত্তারকে নিয়ে নিউজ করার কারণে আমার দেশ-এর প্রতিনিধির ওপর ক্ষুব্ধ হন স্বেচ্ছাসেবক দল নেতা ছানোয়ার হোসেন সানু। বিভিন্ন সময় তিনি হুমকি দিয়ে আসছেন।

সংবাদ সম্মেলনে শাফিন আহমেদ জিসানের দাদি সাবেক কাউন্সিলর বেগম খালেদা মান্নান, চাচা জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু ও জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন