কিশোরগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রী ঝর্ণা আক্তার (২৭) হত্যা মামলায় স্বামী ইসমাইল ওরফে সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত ইসমাইল ওরফে সাগর মিয়া কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার উত্তর সরারচর গ্রামের মৃত আয়েত আলীর ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা কারণে ঝর্ণা আক্তারকে তার স্বামী শারীরিকভাবে নির্যাতন করতেন। ২০১৬ সালের ১২ এপ্রিল সন্ধ্যায় ঝর্ণা আক্তার বাবার বাড়িতে রান্না করার সময় স্বামী ইসমাইলের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ইসমাইল ধারালো ছুরি দিয়ে ঝর্ণা আক্তারকে আঘাত করে। পরে পরিবারের সদস্যরা ঝর্ণাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের মা জাহেরা বেগম বাদী হয়ে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি ইসমাইল ওরফে সাগর মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন