বরিশাল জেলা রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের (উপমন্ত্রীর পদমর্যাদা) দায়িত্ব পেয়েছেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান। রোববার স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. আশরাফ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আকন কুদ্দুসুর রহমান বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আকন কুদ্দুসুর রহমান বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল বিএমএস ইনস্টিটিউশন থেকে ১৯৮৩ সালে এসএসসি পাস করেন। ১৯৮৫ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করার পর ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) এবং ১৯৯০ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে তিনি এলএলবি ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরবর্তীতে বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নম্বর সহকারী প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এরপর আকন কুদ্দুসুর রহমান উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিএনপি নেতাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সরকারবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। এ সময় তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং তাকে কারাভোগ করতে হয়েছে বলেও দলীয় সূত্রে জানা গেছে।

গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন না পেলেও পরবর্তীতে বিএনপি সরকার গঠন করার পর দলের জন্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে দলীয় নেতাকর্মীরা জানান।

এবার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বের পাশাপাশি বরিশাল জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্বও পেলেন আকন কুদ্দুসুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন