ঝালকাঠির নলছিটি পৌরসভার ৪ নং ওয়ার্ডের সবুজবাগ এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা প্রায় দুই দশক ধরে সংস্কার বা পুনর্নির্মাণের অপেক্ষায় পড়ে আছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ সময়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অথচ এ পথ দিয়ে প্রতিদিন শত শত মানুষ হেঁটে যাতায়াত করেন।
রাস্তাটি শুধু আবাসিক এলাকার সংযোগ নয়। এর ওপর দিয়ে সহজে পৌঁছানো যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, পোস্ট অফিস, সেবা ক্লিনিক, স্কুল-কলেজ ও স্থানীয় বাজারে। স্থানীয়দের হিসাবে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ মানুষ এ পথ ব্যবহার করেন। শিক্ষার্থী, রোগী, কর্মজীবী ও বাজারমুখী মানুষের জন্য এটি একটি প্রধান পথ।
বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি ক্ষতিগ্রস্ত থাকায় বর্ষায় কাদা ও জলাবদ্ধতায় যাতায়াত কঠিন হয়ে পড়ে। শিশু, বৃদ্ধ ও রোগীদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে যাওয়ার পথে এ দুর্ভোগ আরও প্রকট হয়।
সবুজবাগ এলাকার বাসিন্দা ও পথচারীরা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের কথা জানালেও দৃশ্যমান কোনো কাজ হয়নি বলে অভিযোগ তাদের। তাঁরা বলছেন, এত গুরুত্বপূর্ণ একটি জনপথ এতদিন অবহেলিত থাকা দুঃখজনক।
উল্লেখ্য, নলছিটি পৌরসভার ৪ নং ওয়ার্ডে সবুজবাগ এলাকায় সড়ক উন্নয়নের প্রস্তাব আগেও বিভিন্ন প্রকল্প-সংক্রান্ত কাগজপত্রে উঠে এসেছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, মাঠপর্যায়ে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি।
এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তাটি সংস্কার বা পুনর্নির্মাণ করা হোক, যাতে শিক্ষা, স্বাস্থ্য ও নিত্যপ্রয়োজনীয় সেবায় যাতায়াত নিরাপদ ও সহজ হয়।
সংশ্লিষ্ট পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতীক কুমার কুন্ড বলেন, খুব শীঘ্রই এ জনবহুল রাস্তার কাজ শুরু হবে ও জনগণের ভোগান্তি লাগব হবে বলে আশা করছি।তবে কোনো সুনির্দিষ্ট সময়সীমা বা কাজ শুরুর ঘোষণা পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

