সারা দেশে জমে উঠেছে শারদীয় দুর্গোৎসব

সারা দেশে জমে উঠেছে শারদীয় দুর্গোৎসব

সারা দেশে গতকাল সোমবার থেকে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব জমে উঠেছে। চলছে শেষ মুহূর্তের পূজা অর্চনা। নানা কর্মসূচির মধ্য দিয়ে মহাষ্টমীর কুমারী পূজা পালিত হয়েছে । কুমারী পূজা দেখতে প্রতিটি পূজামণ্ডপে দর্শনার্থীদের ভিড় জমে ওঠে ।

দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে মহাষ্টমীর কুমারী পূজা। গতকাল সোমবার দিনাজপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে সকাল সাড়ে ৯টায় কুমারী পূজা শুরু হয়ে প্রায় সকাল সাড়ে ১০টায় শেষ হয়। প্রতি বছর দুর্গাপূজার মহাষ্টমী তিথিতে এই পূজার আয়োজন করে রামকৃষ্ণ মিশন আশ্রম। আশ্রমের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ পূজার সার্বিক তত্ত্বাবধান করেন। এবার দিনাজপুর শহরের সুইহারী এলাকার সুশান্ত মিশ্রর কন্যা অমৃতা মিশ্রকে দেবী দুর্গার কুমারী রূপে পূজা করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, কুমারী কন্যার মধ্যে দেবী দুর্গার মাতৃশক্তির প্রকাশ ঘটে। সেই বিশ্বাস থেকেই কুমারী পূজার আয়োজন করা হয়। কুমারী পূজা দেখতে দিনাজপুর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত সমবেত হন রামকৃষ্ণ মিশন আশ্রমে। পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে ভক্তরা কামনা করেন জগতের মঙ্গল ও শান্তি।

বিজ্ঞাপন

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। রোববার রাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ও আদারভিটা ইউনিয়নের পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়, বিএনপি নেতা মিজানুর রহমান রতন, আব্দুল মান্নান, হাফিজুর রহমান সাকু, আলী আকবর মিলিটারি, শফিকুল ইসলাম প্রমুখ।

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের বাকেরগঞ্জে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দৃষ্টিনন্দন সাজসজ্জায় দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দেবালয় পূজামণ্ডপ। দুর্গোৎসবকে আনন্দমুখর ও সুশৃঙ্খলভাবে উদ্‌যাপনের লক্ষ্যে মন্দির কমিটির পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। দেবালয় মন্দির কমিটির সভাপতি প্রফুল্ল দাসের নেতৃত্বে পূজার সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল কাঠালিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। রোববার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর।

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগেরহাটের কচুয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং আর্থিক সহায়তার পাশাপাশি শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা ও উপহার দেওয়া হয়। রোববার সন্ধ্যায় তার প্রেরিত এই শুভেচ্ছা উপহার উপজেলার বিভিন্ন মন্দির কমিটির হাতে তুলে দেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম।

নোয়াখালী প্রতিনিধি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

দুর্গাপূজা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে কোনো ধরনের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা গ্রহণযোগ্য নয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। রোববার রাতে নোয়াখালী জেলা শহর মাইজদী সোনাপুরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু গত রোববার রাতে শাহজাদপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ১০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দ পাওয়া এসব শাড়ি বিতরণ করা হয়। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরের মেলান্দহে সনাতন ধর্মাবলম্বী দুস্থ ও অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহারের শাড়ি এবং আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ১৩৮ জনের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। এ ছাড়া জেলা পরিষদের পক্ষ থেকে ১১ জনকে পাঁচ হাজার টাকা করে এবং মেলান্দহ পৌরসভার পক্ষ থেকে পাঁচজনকে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। এতে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা।

দৌলতখান (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার দৌলতখানে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ভোলা-২ আসনের এমপি হাফিজ ইব্রাহিম। রোববার রাতে তিনি দৌলতখান মদন মোহন কেন্দ্রীয় মন্দির পরিদর্শনে গেলে দুর্গোৎসব উদযাপন কমিটি তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে।

এমপি পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় মন্দির কমিটির সভাপতি কালিদাস পাল, শারদীয় দুর্গোৎসব উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক চিন্ময় ঘোষসহ কমিটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়িতে গতকাল সোমবার কুমারীপূজার মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। মাতৃরূপে এক কন্যাশিশুকে সাজিয়ে পূজা-অর্চনা করা হয়। সকাল থেকে ভক্তরা নিজেদের প্রসাদ নিয়ে আসেন। দেবী দুর্গাকে পূজা ও অঞ্জলি অর্পণ করেন। বিভিন্ন বয়সি নারী-পুরুষ, শিশু-কিশোর ও কিশোরীরা সেজেগুজে এসেছেন মায়ের দর্শন করতে। তারা মায়ের কাছে প্রার্থনা করেন, তাদের মনস্কামনা যেন পূর্ণ হয়। খাগড়াছড়ি পার্বত্য এলাকা হওয়ায় সেখানে সবাই যেন মিলেমিশে সুখে-শান্তিতে বসবাস করতে পারেন, সেই প্রার্থনাও করেছেন বলে জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন