সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ, আ.লীগ নেতার বিরুদ্ধে চার্জশিট

সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ, আ.লীগ নেতার বিরুদ্ধে চার্জশিট

৩ কোটি ৫৫ লক্ষাধিক টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

জেলা পরিষদের সাবেক সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুর রহমান দুলু শাজাহানপুর উপজেলার কুন্দইশ গ্রামের মৃত বেলায়েত আলী জোয়ার্দারের পুত্র। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।

দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় বগুড়ার সহকারী পরিচালক মো. তারিকুল রহমান বাদী হয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ও সাবেক জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে এম আসাদুর রহমান দুলুকে আসামি করে এই মামলা দায়ের করেন। বুধবার দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন অভিযোগপত্রটি দাখিল করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে আসামি একেএম আসাদুর রহমান দুলুকে সম্পদ বিবরণী দাখিলের জন্য আদেশ জারি করা হয়। ২০২০ সালের ৫ মার্চ তিনি নিজে স্বাক্ষর করে ওই আদেশ গ্রহণ করেন। পরে তিনি ওই বছরের ২৫ জুন দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন। এ কে এম আসাদুর রহমান দুলু তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২ কোটি ৫২ লাখ ৫ হাজার ৪২২ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা প্রদান করেন।

দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন মামলাটি তদন্ত শেষে আসামি এ কে এম আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে তথ্য গোপনসহ জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত ৩ কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইনে এই অভিযোগপত্র দাখিল করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন