২৬০ কোটি ৭৭ লাখ টাকার ঋণখেলাপির মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (১৮ আগস্ট) চট্টগ্রামের অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। তবে বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার। অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, স্ট্যান্ডার্ড ব্যাংকের পাহাড়তলী শাখা থেকে নেয়া ঋণ পরিশোধ না করায় মামলাটি করা হয়। ঋণের বিপরীতে ব্যাংকে যে বন্ধকি সম্পদ রয়েছে, এগুলো নিলামে তুললেও কোনো ক্রেতা পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে ব্যাংকের আবেদনের পর আদালত আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। দীর্ঘ আট বছর কারাভোগের পর ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আসলাম চৌধুরী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

