স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। এটা একটা খুব ক্রেডিবল ইলেকশন হবে আশা করছি। আপনারা সহযোগিতা করবেন, কোথাও যদি কোনোরকম কারচুপি হয় তাহলে আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
রোববার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে জায়গায় যে রকম ব্যবস্থা নেওয়ার, ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। এখানকার মতবিনিময় সভায়ও এ বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে আশা করছি।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ আঞ্চলিক নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগ, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ বর্ডার গার্ড, আনসার-ভিডিপি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এডি/জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

