দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পত্রিকাটির চারজন সাংবাদিকের বিরুদ্ধে আওয়ামী স্বৈরাচারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও বানোয়াট মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন রাজশাহীতে কর্মরত সাংবাদিক নেতারা।
মঙ্গলবার সকালে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) ও আমার দেশ পাঠক মেলার যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও দৈনিক আমার দেশ রাজশাহী ব্যুরো ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মঈন উদ্দিনে পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক, আরইউজে’র ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ তৌফিক ইমাম পান্না, দৈনিক আমার দেশ’র ফটো সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম. শামিম ও আমার দেশ পাঠক ফোরামের সভাপতি আবু হানিফ।
মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও আরইউজে’র সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন বলেন, মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল স্বৈরাচারের দোসর। দেশের টাকা বিদেশে পাচার করে দেশের বিপদ ঘটিয়েছে।
তারা বলেন, সত্যকে সবার সামনে তুলে ধরায় অকুতোভয় সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে। ফ্যাসিস্টরা এখনো চারিদিকে ঘাপটি মেরে বসে আছে। সময় হয়েছে এসব দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। সরকারকে বলব, আপনারা জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিন নতুবা জনগণ আবার মাঠে নামবে।
তিনি মেঘনা গ্রুপকে সতর্ক করে বলেন বলেন, আপনারা অতি সত্তর এ মামলা প্রত্যাহার করে সম্পাদকের কাছে ক্ষমা চান। অন্যথায় দেশপ্রেমিক জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
মানববন্ধনে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো চিফ আব্দুল আউয়াল বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আমরা সর্বত্র ফ্যাসিস্টদের পদধ্বনি শুনতে পাচ্ছি। অদৃশ্যমান এসব ফ্যাসিস্টরা মোস্তফা কামালদের মতো দোসরদের ব্যবহার করে দেশপ্রেমিক ও বিশিষ্ট জনদের পিছু নিয়েছে। দুর্নীতিবাজ এসব দোসরের বিরুদ্ধে এখনই উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। নতুবা এসব কীটদের বিরুদ্ধে দেশের সর্বশ্রেণির সাংবাদিকরা মাঠে নামবে, যা প্রতিহত করার ক্ষমতা আপনাদের নেই। এসময় তিনি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
এ সময় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ’র রাজশাহী ব্যুরো প্রধান মঈন উদ্দিন বলেন, দেশপ্রেমিক ও সত্য-ন্যায়ের পক্ষে সদাজাগ্রত কলম সৈনিক দৈনিক আমার দেশের মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে প্রহসনমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না করলে দেশের সাংবাদিক সমাজ ঘরে বসে থাকবে না। বরং দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
এসময় তিনি আরো বলেন, বিগত ১৭ বছরে স্বৈরাচারী, ফ্যাসিস্ট হাসিনার অপতৎপরতায় বারংবার নির্যাতিত হয়েছেন মাহমুদুর রহমান। প্রায় ১৩০টি মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশেও দিল্লিতে বসে হাসিনা তার পালিতদের দিয়ে দেশপ্রেমিকদের অপদস্থ করার চেষ্টা করছে।
সমাবেশে রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও আমার দেশ পাঠক মেলার প্রতিনিধিসহ প্রায় দু’শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

