৫ দিন পর

লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রাম থেকে উদ্ধার

লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রাম থেকে উদ্ধার
ছবি: আমার দেশ

বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা মুসলিমপাড়া থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রীকে পাঁচ দিন পর চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে পৃথক দুটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার করা শিক্ষার্থীরা হলোÑরেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)। তারা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা মুসলিমপাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা যায়, গত ১০ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে তিন শিক্ষার্থী একসঙ্গে বাসা থেকে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বের হওয়ার পর নিখোঁজ হয়। স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে লামা থানার পুলিশকে বিষয়টি জানিয়ে একটি সাধারণ ডায়েরিও করেন।

বিজ্ঞাপন

এর পরিপ্রেক্ষিতে অনুসন্ধানে পুলিশ জানতে পারে, নিখোঁজ তিন ছাত্রীর সর্বশেষ অবস্থান ছিল পার্শ্ববর্তী উপজেলা চকরিয়ায়। এরই মধ্যে বুধবার দুপুরে একটি মোবাইল নম্বর থেকে বস্তাবন্দি মানুষের অবয়ব নড়াচড়া করছে এমন একটি ভিডিও পাঠিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ ওঠে।

একসঙ্গে তিন কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা-বধুরঝিরি এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। একপর্যায়ে কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ জামিল আহমদের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা চট্টগ্রাম মেট্রোপলিটনের খুলশী থানা এলাকার ২ নম্বর রোডের একটি ও খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের আরেকটি বাসা থেকে তিন শিক্ষার্থীকে উদ্ধার করেন।

এ বিষয়ে লামা থানার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তারা গৃহপরিচারিকার কাজের জন্য চট্টগ্রামের বাসাবাড়িতে অবস্থান করছিল। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন