জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির বরিশাল অঞ্চল টিম সদস্য ও ভোলা জেলার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। তিনি বলেন, জনগণও বিশ্বাস করে জামায়াতের হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ।
গতকাল শুক্রবার বিকেলে চরফ্যাশনের আমিনাবাদ মাধ্যমিক স্কুল মাঠে জামায়াতের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোস্তফা কামাল বলেন, জামায়াতের কোনো নেতাকর্মীর গায়ে দুর্নীতির কাদা নেই। আমাদের দুজন মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অভিযোগ কেউ পায়নি । জামায়াত ক্ষমতায় এলে নাগরিকের পাওনা তাদের কাছে ন্যায্যতার ভিত্তিতে বণ্টন করা হবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি প্রান্তে জামায়াতের নেতাকর্মীরা নিজেদের মানবিক কর্ম, আন্তরিকতা, ভদ্রতা ও স্বচ্ছতার মাধ্যমে জনগণের মন জয় করছে। জামায়াতকে মানুষের কাছ থেকে দূরে রাখতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর মানুষ পুরোপুরি জামায়াতের সম্পর্কে ধারণা পেয়েছে। সব দলের শাসন তারা দেখেছে, এখন জামায়াতের কাছে দেশের শাসনভার দিতে মুখিয়ে আছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী চরফ্যাশনের আমির অধ্যক্ষ মীর শরীফ হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী (আপিল বিভাগ) অ্যাডভোকেট পারভেজ হোসেন, শিক্ষানবিশ আইনজীবী আবু জাফর, প্রভাষক বাহারুল ইসলাম ও মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

