রোটারি ক্লাব অব জালালাবাদের ৪১তম কমিটির অভিষেক সম্পন্ন

দেশের উন্নয়নে রোটারির মতো সেবাধর্মী সংগঠনের অবদান গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

সিলেট ব্যুরো

দেশের উন্নয়নে রোটারির মতো সেবাধর্মী সংগঠনের অবদান গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী
রোটারি ক্লাব অব জালালাবাদের ৪১তম কমিটির অভিষেক অনুষ্ঠান। ছবি: আমার দেশ

দেশের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি রোটারির মতো সেবাধর্মী সংগঠনগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সেবাধর্মী সংগঠনগুলোর ভূয়সী প্রশংসা করে রোটারির কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।

শনিবার রাতে সিলেটের একটি অভিজাত হোটেলে রোটারি ক্লাব অব জালালাবাদের ৪১তম নবগঠিত কমিটির অভিষেক (ইনস্টলেশন) অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটারি বাংলাদেশের ডিস্ট্রিক্ট-৬৪ ও ৬৫-এর কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইশতিয়াক এ. জামান, পিএইচডি এবং পিডিজি লেফটেন্যান্ট কর্নেল অধ্যক্ষ (অব.) আতাউর রহমান পীর।

রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিনের সভাপতিত্বে ও সঞ্চালনায় এবং রোটারিয়ান শাহ আশিকুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যক্ষ লতিফা জাহাঙ্গীর, সেক্রেটারি রোটারিয়ান জাকিরা ফাতেমা লিমি চৌধুরী এবং পরিচালনা পর্ষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন রোটারি বর্ষের কার্যক্রমের সূচনা করেন।

এ সময় রোটারির মূলনীতি অনুসরণ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন এবং মানবকল্যাণে আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

নবনির্বাচিত প্রেসিডেন্ট অধ্যক্ষ লতিফা জাহাঙ্গীর তার বক্তব্যে রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে পরিচালিত দেশের অন্যতম বৃহৎ সেবামূলক প্রতিষ্ঠান জালালাবাদ পঙ্গু পুনর্বাসন কেন্দ্র এবং ফ্রি ফ্রাইডে ক্লিনিক-এর কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে হাজার হাজার সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসা, পুনর্বাসন ও বিভিন্ন মানবিক সেবা পেয়ে আসছেন। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বায়োগ্রাফি পাঠ করেন রোটারিয়ান পিপি প্রফেসর ডা. আব্দুস সালাম।

এ সময় মহানগর বিএনপির সেক্রেটারি এমদাদ হোসেন চৌধুরী, রোটারি ক্লাব অব জালালাবাদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিভিন্ন রোটারি ক্লাবের রোটারিয়ান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন