উত্তর ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধ

উত্তর ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধ
টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে বিভিন্ন স্থানে দেওয়া ব্যারিকেড।

চট্টগ্রামের উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ও অবরোধ শুরু হয়েছে। রোববার সকাল থেকে উপজেলার বাগান বাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের স্থানীয় এলাকাবাসীর ডাকা এ কর্মসূচি পালিত হচ্ছে।

বিজ্ঞাপন

ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের ডাকা হরতালের কারণে গহিরা-হেঁয়াকো ও বারৈয়ারহাট-রামগড় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। একই সঙ্গে তিন ইউনিয়নের হাট-বাজার, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

উত্তর ফটিকছড়ির মির্জারহাট থেকে বাগান বাজার পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে, ট্রাক দাঁড় করিয়ে এবং পিকেটাররা অবস্থান নিয়ে ব্যারিকেড তৈরি করেছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে।

‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা বাস্তবায়ন পরিষদের মুখপাত্র ও বাগান বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একরামুল হক বাবুল বলেন, ‘ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের মানুষের সুবিধাজনক স্থানে করার দাবিতে আমরা রাস্তায় নেমে এসেছি। আমাদের এ যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন, হরতাল ও অবরোধ কর্মসূচির আওতার বাইরে থাকবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহন।

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, উত্তর ফটিকছড়ির তিন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। এলাকাবাসী বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে ব্যারিকেড দিয়ে কর্মসূচি পালন করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত ৪০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁরা বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন