মেলান্দহে অবৈধ ইটভাটায় অভিযান, চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

মেলান্দহে অবৈধ ইটভাটায় অভিযান,  চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন
চিমনি। ছবি: আমার দেশ

জামালপুরের মেলান্দহে অনুমোদনহীনভাবে পরিচালিত শেখ ব্রিকসের ফিক্সড চিমনি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার দুপুরে মেলান্দহ পৌরসভার ফুলছেন্না এলাকায় যৌথ অভিযান চালিয়ে চিমনিটি উচ্ছেদ করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইমন হোসেনের নেতৃত্বে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি উপস্থিত ছিলেন। মেলান্দহ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী শেখ ব্রিকসটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। অভিযানের সময় ইটভাটাটির কার্যক্রম বন্ধ পাওয়া যায়। ভাটার মালিকও ঘটনাস্থলে ছিলেন না। ফলে এ সময় কোনো জরিমানা করা হয়নি।

তবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইন বাস্তবায়নের অংশ হিসেবে ভাটাটির ফিক্সড চিমনি ভেঙে দেওয়া হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এটি সম্পূর্ণ অবৈধ ইটভাটা। এখানে থাকা ফিক্সড চিমনি ২০১০ সাল থেকেই নিষিদ্ধ।’

তিনি বলেন, সারাদেশে ফিক্সড চিমনি ও ড্রাম চিমনি উচ্ছেদের যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, তার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকর ও আইনবহির্ভূত ইটভাটার বিরুদ্ধে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন