চবি উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন নারী শিক্ষার্থীরা। সোমবার বিকেল ৪টায় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন।

বিজ্ঞাপন

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা বলেন, আমাদের ভাইদের খোঁজ না নিয়ে উপাচার্য স্যার শিক্ষক নিয়োগে ব্যস্ত ছিলেন। আবার তিনি আহতের সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা করেছেন। আর যাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন, সেই স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইনশৃঙ্খলা বাহিনী কি এই ঘটনার নিন্দা জানিয়ে একটি বিবৃতি পর্যন্ত দিয়েছে?

তিনি বলেন, উপাচার্য স্যার দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে চার-পাঁচবার কল দিয়েছেন, এতে তিনি খুশি। কিন্তু শিক্ষার্থীরা টানা ৬ ঘণ্টা জোবরাবাসীর হাতে মার খেয়েছে, তবুও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া বলেন, গতকাল আমাদের ভাইয়েরা মার খাচ্ছিলো, তখন ভিসি স্যার প্রশাসনিক ভবনে নিয়োগ বোর্ডে ব্যস্ত ছিল। আমরা গতকাল বাববার প্রশাসনের সাহায্য চেয়েছে কিন্তু কোন সাহায্য পায়নি।

প্রসঙ্গত, গতকাল রাত ১১টার দিকে উপাচার্যের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আকতার বলেন, আমরা হাটহাজারী থানা থেকে কোন সাহায্য পায়নি এবং অন্য সময়ও পায় না। আর আমি অবাক হয়ে গেছি, স্বরাষ্ট্র উপদেষ্টা আমার সাথে চার-পাঁচবার কথা বলেছেন। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া দুই-তিনবার খোঁজ নিয়েছেন। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানায়। আমার মত তুচ্ছ ব্যক্তির অনুরোধে পরবর্তীতে সিভিল প্রশাসন যেভাবে সাড়া দিয়েছে। আমি তাদের কৃতজ্ঞতা জানায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন